পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- Update Time : ১০:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২২৩ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
পাবনার সাঁথিয়ায় মাঠে কাজ করার সময় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউরি ইউনিয়নে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বজ্রপাতের সময় এলাকায় কোনো বৃষ্টিপাত হচ্ছিল না।
নিহতরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে আকরাম হোসেন (৪০) এবং নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০)। এ ছাড়া ধুলাউরি ইউনিয়নে নিহত অপর এক কৃষকের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গিয়েছিলেন। আকাশে মেঘ থাকলেও তখন কোনো বৃষ্টি ছিল না। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময়ে নাগডেমরা ইউনিয়নের সোনাতলা এলাকায় পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন আবু সাইদ। তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। অন্যদিকে, ধুলাউরি ইউনিয়নে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আরও এক কৃষক।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”









