ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবেশী গ্রেপ্তার
- Update Time : ১২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১২ Time View
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর মো. আহম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করে।
মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত আহম্মদ আলী প্রতিবেশী ও আত্মীয় হওয়ার সুবাদে ভুক্তভোগীদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২০২৫ সালের ২২ অক্টোবর প্রথমবার এবং সর্বশেষ চলতি বছরের ২ জুলাই দুপুরে অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জা, মানসিক আতঙ্ক এবং প্রাণনাশের ভয়ে ভুক্তভোগী দীর্ঘদিন বিষয়টি গোপন রাখে। পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে সে তার মা ও পরিবারের অন্য সদস্যদের বিষয়টি খুলে বলে। এরপর পারিবারিকভাবে আলোচনা করে ভুক্তভোগীর পরিবার থানার দ্বারস্থ হয়।
অভিযোগ পাওয়ার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আহম্মদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।








