পাবনায় নির্বাচনের আবহ: ডিসি ও এসপির দৃঢ় পদক্ষেপে স্বস্তিতে জেলাবাসী
- Update Time : ০৩:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৩১২ Time View
সোহেল রানা পাবনাঃ
আগামী এক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পাবনা জেলায় বইছে উৎসবের আমেজ। নবাগত জেলা প্রশাসক (ডিসি) শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ জেলায় যোগদানের পর থেকেই পাল্টে গেছে পাবনার সার্বিক চিত্র। তাদের সুযোগ্য নেতৃত্ব ও কঠোর নজরদারিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত সন্তোষজনক, যা নাগরিক সমাজের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
নির্বাচন সামনে রেখে পাবনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতিমধ্যে একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা নির্বাচনের প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তদারকি করছেন। ইতিমধ্যে জেলার বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপার আনোয়ার জাহিদ জেলার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। জেলা পুলিশের এই তৎপরতার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের শঙ্কা কেটে গেছে।
পাবনার বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, ”আমরা একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। পাবনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য জেলা প্রশাসন সর্বোচ্চ সজাগ রয়েছে।” একই সুরে কথা বলেছেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। তিনি জানান, ”আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্টের মাধ্যমে আমরা জেলাজুড়ে নিরাপত্তার চাদর তৈরি করেছি। পাবনাবাসীকে একটি নিরাপদ জেলা উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”
পাবনার সুশীল সমাজ ও সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, ডিসি ও এসপির কঠোর এবং নিরপেক্ষ অবস্থানের কারণে এবার নির্বাচনের আগে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা দেখা যাচ্ছে না। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি ও তল্লাশি কার্যক্রম জনমনে আস্থার সৃষ্টি করেছে।








