পাবনায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৭:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২১৯ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনায় হেযবুত তওহীদের আয়োজনে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের রিভারভিউ হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: মাহতাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শামসুজ্জামান মিলন।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদই মানবজাতির প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারেনি। আজ আমরা এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “যে কোনো রাষ্ট্রব্যবস্থা যদি তার নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, সমানাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ বিবেচিত হয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ও ইতিবাচক ভূমিকা অপরিহার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ এবং বিভাগীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ।
গোলটেবিল বৈঠকে পাবনার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তাঁরা তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের করণীয় ও ভূমিকা নিয়ে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন।










