ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে দেওয়ার অভিযোগ
- Update Time : ১১:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৯৫ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুষ্পপাড়া ধর্মগ্রাম এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপির কিছু নেতা-কর্মী পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীকের ব্যানার লাগিয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা ব্যানার ঢেকে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ও পোস্টারের ওপর রাতের আঁধারে কিংবা প্রকাশ্যেই ধানের শীষের ব্যানার সাঁটিয়ে দেওয়া হচ্ছে। এতে করে দাড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সমর্থকরা।
দাড়িপাল্লা প্রতীকের সমর্থকদের দাবি, এটি একটি সুপরিকল্পিত অপচেষ্টা। তারা বলেন, “নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে নীতির ভিত্তিতে, কিন্তু এভাবে অন্যের ব্যানার ঢেকে দেওয়া গণতান্ত্রিক আচরণ নয়।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশঙ্কা প্রকাশ করেন, সময়মতো ব্যবস্থা না নিলে এলাকায় নির্বাচনী উত্তেজনা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত এ অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।









