জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাবনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৫ Time View
পাবনা সংবাদদাতাঃ
দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের চাপা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।
বক্তারা বলেন, বারবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহনসহ সকল খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
তারা অভিযোগ করেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে জনগণকে মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হচ্ছে। বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যা জনস্বার্থবিরোধী। তারা অবিলম্বে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, “জনগণের কষ্টের কথা বিবেচনা না করে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় করে তুলেছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, অপচয় ও অনিয়মের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারকে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশ থেকে বক্তারা জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের জীবনমান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।









