জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল
- Update Time : ১১:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১১১ Time View
ডেস্ক রিপোর্ট :
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ অক্টোবর) রাত ৯টা ৫৪ মিনিটে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রাত ৮ টা ১০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের গারদ খানায় রাখা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে আটক করে পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
আটকের ৯ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।










