চাটমোহরে কিশোরীকে অপহরণের দায়ে সাংবাদিকসহ ৪ জনের নামে মামলা
- Update Time : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৭৬ Time View
নিজস্ব প্রতিবেদক :
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া গ্রামে সংখ্যালঘু এক কিশোরী (১৬) কে অপহরণ করার অভিযোগে সাংবাদিকসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন অপহৃত মেয়েটির পিতা কিশোর লাল চৌধুরী।
চাটমোহর থানায় কিশোরীর পিতা শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ (৩০) ধারায় এই মামলা দায়ের করেন। মামলা নং ১৬। তাং ১৪/০৬/২০২৪।
আসামিরা হলো হান্ডিয়াল পাকপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫), মৃত মছির ফকিরের ছেলে মোঃ আঃ কুদ্দুস (৫৬) ও মানিক ফকির, সুলতান মাহমুদের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত একটি সংবাদপত্রের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রনি (৩৫)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, পাকপাড়া গ্রামের কিশোর লাল চৌধুরীর মেয়ে (১৬) ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুনিয়াদিঘী কারিগরী কৃষি কলেজে ভর্তি হয়। কিশোরীর পিতা ঔ কলেজের নৈশ প্রহরী। শফিকুল ইসলাম একই কলেজের কম্পিউটার অপারেটর। এই সুবাদে শফিকুল কিশোরী সাথে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেন। কিন্তু মেয়েটি তাতে রাজি না হওয়ায় গত ৫ জুন দুপুরে পাকপাড়া আলিম মাদ্রাসার কাছ থেকে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে ওই দিনই হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানানো হয়। ঘটনার দু’দিন পরে পুলিশ ওই মেয়েকে উদ্ধার করে পিতার কাছে ফেরত দেন। এ ব্যাপারে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বৈঠক বসে বলে এলাকাবাসী জানান। কিন্তু উভয় পরিবারের আপত্তির করনে মীমাংসা বৈঠক ভেস্তে যায়। পরে গত ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীর পিতা চাটমোহর থানায় মামলা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, অপহরণের পর মেয়েটিকে পুলিশ উদ্ধার করেছে। এ বিষয়ে ওই মেয়ের পিতা শুক্রবার চাটমোহর থানায় ৪ জনকে বিবাদী করে মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










