কোলাদীতে সংঘবদ্ধ চোরচক্রের হানা, কৃষক রাজ্জাক মোল্লার ৪টি গরু চুরি
- Update Time : ০৯:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২১৬ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী (ইন্দারা মোড়) এলাকায় সংঘবদ্ধ চোরচক্রের হানায় কৃষিজীবী এক পরিবারে নেমে এসেছে গভীর হতাশা ও আর্থিক বিপর্যয়। শুক্রবার ১৭ অক্টোবর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরচক্র স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক মোল্লার গোয়ালঘরের তালা ভেঙে ৪টি মূল্যবান গরু চুরি করে নিয়ে যায়।

চুরি যাওয়া গবাদিপশুগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান জাতের দুটি বড় গাভী ও দুটি বড় আকৃতির বাছুর। গাভী দুটি এবং একটি বাছুর সাদা-কালো রঙের, অপর বাছুরটি ছিল কালো রঙের। এ ঘটনায় রাজ্জাক মোল্লার প্রায় ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী রাজ্জাক মোল্লা বলেন, “ইতিপূর্বেও আমার একটি প্রায় ৮০ হাজার টাকার এঁড়ে বাছুর চুরি হয়ে যায়। চোরেরা পিক-আপে করে তুলে নিয়ে যায়। কিন্তু কোনোভাবেই এসব চুরি রোধ হচ্ছে না।”

এলাকাবাসী জানায়, কোলাদী গ্রামে এর আগেও একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং এলাকায় পুলিশি টহল ও নজরদারির জোরদার দাবি তুলেছেন।








