কোরআনের তাফসির মানুষকে হেদায়াতের পথে দৃঢ়ভাবে পরিচালিত করেঃ- প্রিন্সিপাল ইকবাল হোসাইন
- Update Time : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২০৪ Time View
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৫ (সদর উপজেলা) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন, কোরআনের তাফসির মানুষকে হেদায়াতের পথে দৃঢ়ভাবে পরিচালিত করে।
রবিবার (২১ ডিসেম্বর) মধুপুর মহিলা আলিম মাদরাসা মাঠে মাদরাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে তাফসির মাহফিলে প্রধান বক্তার আলোচনা করেন বাংলাদেশ মাজলিসুর মুফাসসিরিন পাবনা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ কাওছার বিন হায়দারী, দ্বিতীয় বক্তার আলোচনা পেশ করেন কাশিনাথপুর বাজার হযতর শাহজালাল (রাঃ) জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মোহাম্মদ আবুল কাশেম আনছারী। প্রিন্সিপাল ইকবাল হুসাইনের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে পাবনা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম হেলাল, আতাইকুলা ইউনিয়ন জামায়াতে সভাপতি আকরাম মন্ডল প্রমুখ।

প্রিন্সিপাল ইকবাল বলেন বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অশান্তি ও বিভ্রান্তি দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ হলো কোরআনের শিক্ষা থেকে আমাদের দূরে সরে যাওয়া। কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তবে সমাজে অন্যায়, অবিচার, হিংসা ও দুর্নীতি কমে আসবে—ইনশাআল্লাহ।
বিশেষ করে তরুণ সমাজের প্রতি আমি আহ্বান জানাতে চাই—তোমরা কোরআনকে কেবল তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করো। কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে নিজেদের চরিত্র গঠন করো। একটি নৈতিক, আদর্শ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার একমাত্র পথ হলো কোরআনের আলোয় নিজেদের জীবন সাজানো।
পরিশেষে প্রিন্সিপাল ইকবাল বলেন আমি এই মাহফিলের আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই—যারা কোরআনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তায়ালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।









