ঈশ্বরদীতে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর
- Update Time : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১১১ Time View
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সোয়া ৬টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্র্যাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।
একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।












