শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমেই সুশিক্ষিত জাতি গঠন সম্ভব ব্যারিস্টার মোমেন
- Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩২৪ Time View
সাঁথিয়া সংবাদদাতা :
শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমেই সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব। শিক্ষকদের সমাজের সকল পর্যায়ে মর্যাদাপূর্ণ মূল্যায়ন করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রদানের লক্ষ্যে নৈতিকতাপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের অধিকতর যোগ্য করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১(সাঁথিয়া -বেড়ার আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গত শনিবার বিকেলে শিক্ষকদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া ও বেড়া উপজেলা শাখার উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ অডিটোরিয়ামে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি ও সাঁথিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু হানিফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম, সাঁথিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোখলেছুর রহমান, বেড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আতাউর রহমান ও অধ্যাপক আনিছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার মোমেন বলেন,শিক্ষকরা জাতি গঠনের কারিগর। সন্মানিত শিক্ষকমন্ডলীর নিরলস পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠছে । একটি রাষ্ট্রের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শবান শিক্ষক অপরিহার্য।
তিনি আরো বলেন, শিক্ষকেরা সমাজের আলোকবর্তিকা। তাঁরা সম্মানিত হলেই সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে। কারণ, একজন শিক্ষকই পারেন আলোকিত সমাজ ও রাষ্ট্র তৈরি করতে।
ব্যারিস্টার মোমেন বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান ব্রত। আজকের এই সম্মেলন আমাদেরকে নতুন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান সময়ে প্রযুক্তি, সমাজ এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শিক্ষকের ভূমিকাও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই আমাদেরও সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি আরো সমৃদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সা: ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষকতার এই মহান পেশাকে কাজে লাগিয়ে সমাজের দীন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে, এজন্য মহান আল্লাহ তায়ালা শিক্ষকদের এ কাজের সহযোগিতা করবেন। আল্লাহতায়ালার উপর ভরসা করে সমাজ সংস্কারে আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ড: ইদ্রিস আলম বলেন, শিক্ষকদের পরিকল্পিত কাজ দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।









