জাতীয় পর্যায়ে ইবতেদায়ি মাদরাসায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক পাবনার রিজাউল করিম
- Update Time : ১০:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৪০৭ Time View
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. রিজাউল করিম। তিনি পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাবনা কামিল মাদরাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার। তিনি মো. রিজাউল করিমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। দেশের বিভিন্ন স্তর থেকে মনোনীত ১২ জন গুণী শিক্ষকের মধ্যে রিজাউল করিম ছিলেন অন্যতম।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মো. রিজাউল করিম ১৯৭১ সালের ৭ জানুয়ারি পাবনা সদর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. রহমাতুল্লাহ এবং মাতা মোছা. রওশনারা বেগম।

তিনি শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করেন। বাঙ্গাবাড়িয়া দাখিল মাদরাসা থেকে ১৯৮৩ সালে দাখিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পর, পাবনা কামিল মাদরাসা থেকে বিজ্ঞানে প্রথম বিভাগে আলিম, দ্বিতীয় বিভাগে ফাজিল (১৯৮৭) এবং হাদিসে কামিল (১৯৯০) ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শুধু ধর্মীয় শিক্ষায় নয়, ইংরেজি, বাংলা, গণিত, তথ্য-প্রযুক্তি ও সাধারণ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলেছেন। তাঁর শিক্ষাদান কৌশল ও নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করেছে।
শিক্ষকের পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন আদর্শ শিক্ষক ও সমাজনেতায় পরিণত করেছে।
শিক্ষাক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে “গুণী শিক্ষক সম্মাননা” প্রদান করা হলো।










