ভাঙ্গুড়ায় মসজিদ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত
- Update Time : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৩৮ Time View
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া পৌর শহরে মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম ছিলেন।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ আদায় শেষে মন্টু মিয়া মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে কলেজপাড়া মোড়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










