শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও আলোকবর্তিকাঃ- প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন
- Update Time : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮৫ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
পাবনা পৌর জামাতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর বিকাল ৪ টায় পাবনা পৌরসভার অ্যাডভোকেট হামিদুর রহমান ম্যানসনের পৌরসভার অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ জাতির বিবেক, চিন্তা ও প্রগতির আলোকবর্তিকা। স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছিল, যাতে নবজাত রাষ্ট্র মেধাশূন্য হয়ে পড়ে। কিন্তু ঘাতকদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি।

তিনি বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সে জাতি তার বুদ্ধিবৃত্তিক শক্তিকে সম্মান করে এবং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যায়। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।
প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন আরও বলেন, আজকের সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিতে হবে। তারা শুধু শিক্ষাবিদ বা পেশাজীবী ছিলেন না, বরং তারা ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন সংগ্রামী।

তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, সততা ও আদর্শিক চেতনা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক এএসএম আব্দুল্লাহ এবং সদর জামাতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ ।
পাবনা পৌর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।










