সিলেটে সড়ক দূঘটনায় নিহত ৫
- Update Time : ১২:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ২৪৯ Time View
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫), বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০) ও দিঘীপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল মতিন ওরফে কাচাই (৪৫)।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশায় ৭ জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।









