ভাঙ্গুড়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের ইন্তেকাল
- Update Time : ০৬:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ২৭৭ Time View
ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা মোসা. মমতাজ মহল (৫৮) আর নেই।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপাড়া মোড় এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক পুত্রসন্তান, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মঙ্গলবার রাত ৮টায় রাজশাহীতে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘ চাকরি জীবনে মোসা. মমতাজ মহল সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সদস্যদের মধ্যে অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, পিভিএম; ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র; উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন; বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারসহ বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।









