ভাঙ্গুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৫:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২৯২ Time View
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন ভাঙ্গুড়া পৌরসভার ভবানীপুর ভাটোপাড়া মহল্লার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জু আহমেদের পুত্র। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন। ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় শাওনের মাথা পাশে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনচালিত ভটভটিতে আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি গুরুতর আহত হন। অপরদিকে রাফি খড়ের গাদায় পড়ে সামান্য আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত শাওনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









