প্রবাসীদের আস্থা নিয়ে দেশে ফিরলেন প্রিন্সিপাল ইকবাল
- Update Time : ০৯:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৬০ Time View
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন এক সপ্তাহের বেশি প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন এক নতুন প্রত্যাশা ও দায়িত্ববোধ নিয়ে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে পাবনায় ফিরলে তাঁকে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা ও উষ্ণ গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
ঢাকা থেকে পাবনায় পৌঁছানোর পর আতাইকুলা কলেজ মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে স্বাগত জানান। সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দারুল আমান ট্রাস্টের গেটে এসে শেষ হয়। এই আয়োজনে জেলা, সদর ও পৌর জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রিন্সিপাল ইকবাল বলেন, আজকের বাংলাদেশ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। প্রবাসীরা এখন শুধু অর্থনৈতিক উন্নয়নের অংশীদার নয়, বরং তারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তারা চায় দেশে গণতন্ত্র, ইনসাফ ও নৈতিক নেতৃত্বের উত্থান। সেই চাওয়ার প্রতীক হিসেবেই জামায়াতে ইসলামীর প্রতি তাদের আস্থা ক্রমেই গভীরতর হচ্ছে।
তিনি আরও বলেন, আমার প্রবাসী অভিজ্ঞতা বলছে—বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দেশের রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। অনেকে আগামী জাতীয় নির্বাচনের সময় দেশে ফিরে এসে ভোট দিতে চান। যারা আসতে পারবেন না, তারাও চায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ। আমরা এই জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচন হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। দেশে ও বিদেশে থাকা সব বাংলাদেশির আস্থা ফেরানোর জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা জরুরি। জামায়াতে ইসলামী সে লক্ষ্যে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমীর উপাধাক্ষ মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক , সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রিন্সিপাল ইকবালের এই প্রত্যাবর্তন এবং তার সম্মানে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের জনপ্রিয়তারই প্রতিফলন। নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে তাঁর সক্রিয় অংশগ্রহণ।









