পাবনা-৩ আসনে যোগ্য প্রার্থীকেই তারেক রহমান মনোনয়ন দেবেন: আনোয়ারুল ইসলাম
- Update Time : ০১:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৪৯৩ Time View
চাটমোহর প্রতিনিধিঃ
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, “বিএনপি করতে গিয়ে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন, তবুও এখনও অনেকে সংগ্রাম করে টিকে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি, সেই যোগ্যতার আলোকে তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নেবেন।”
তিনি আরও বলেন, “দলের হাইকমান্ডের কাছে কার কত জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, মাঠে কাজ করার ইতিহাস রয়েছে—সবকিছুই গোয়েন্দা রিপোর্টসহ পৌঁছে গেছে। আমি অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকতে চাই ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় অমৃতকুন্ডা হাট চত্বরে।
সভায় সভাপতিত্ব করেন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহব্বত মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো,
সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, সাবেক যুব বিষয়ক সম্পাদক কে এম সাইদ উল ইসলাম কাফী, হরিপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকার, সাবেক সহ-প্রচার সম্পাদক কাজী খোকন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোন্তাজ আলী, কাজল সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তারেক রহমান স্পষ্ট বলেছেন—যারা জনগণের সাথে সম্পৃক্ত, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, এমন নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে। সেই বিবেচনায় কে এম আনোয়ারুল ইসলামই পাবনা-৩ আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
তারা আরও বলেন, “আমরা চাটমোহরের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন চাই। বসন্তের কোকিলের মতো হঠাৎ কেউ এসে মনোনয়ন নিয়ে চলে গেলে জনগণ তা সহজে মেনে নেবে না। চাটমোহরের মানুষ আনোয়ার সাহেবের নেতৃত্বে নিরাপদ বোধ করে। ‘এক গাছের বাকলা আরেক গাছে লাগে না’—এই প্রবাদ আজও বাস্তব।”
সভায় অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন।










