পাবনা দাপুনিয়ার মির্জাপুরে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান
- Update Time : ১০:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৩৭১ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের দক্ষিণপাড়ায় প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে এক ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশে বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দাপুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই সমাবেশের আয়োজন করা হয়। এ যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন এলাকাবাসীর প্রিয় মুখ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, এবং অত্র এলাকার কৃতী সন্তান অধ্যাপক রেজাউল করিম। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে ৫ নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামের অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ১০০ জন জামায়াতে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “আমাদের সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। আমরা চাই তরুণ প্রজন্ম ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে নৈতিক বাংলাদেশ গড়ে তুলুক।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম তাঁর বক্তব্যে যোগদান কৃত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “আজ মির্জাপুরের এই ঐক্য আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রসর হবো।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট নিরসনে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করছে এবং ইসলাম ও দেশপ্রেমে বিশ্বাসী মানুষদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সংগঠন।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ফারুক হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, ইউনিয়ন সভাপতি মোঃ দৌলত মেম্বার, জামায়াত নেতা আব্দুস সুবহান সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-যুবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, এই যোগদান দাপুনিয়া ইউনিয়নের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জামায়াতে ইসলামী এখন এলাকায় আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।










