পাবনা আইডিয়াল গ্রুপের পরিচালক ও জামায়াত নেতা আবু দাউদের জানাজা নামাজ সম্পন্ন
- Update Time : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০৮ Time View
পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সংগঠক আবু দাউদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবু দাউদ দীর্ঘদিন ধরে মালঞ্চি ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সংগঠনের শহর শাখার সাবেক অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক দৃঢ়তা তাঁকে সহকর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
কেবল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও শিক্ষামূলক ক্ষেত্রেও তাঁর ছিল উল্লেখযোগ্য অবদান। তিনি পাবনা আইডিয়াল গ্রুপের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার শিক্ষা বিস্তার, মানবিক কার্যক্রম ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য, যা তাঁকে সাধারণ মানুষের কাছেও অত্যন্ত শ্রদ্ধেয় করে তুলেছিল।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বাসুদেবপুর গোরস্থান মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আবু দাউদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শনিষ্ঠ মানুষ, যিনি আজীবন দ্বীন প্রতিষ্ঠা ও সমাজকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর ইন্তেকাল সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব এবং সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হক, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মোঃ হাবিবুল্লাহ, সাবেক সভাপতি গোলাম রহমান জয়, জেলা শিবিরের সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলামসহ বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাজা শেষে মরহুম আবু দাউদকে বাসুদেবপুর গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।









