পাবনার ফরিদপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১২:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪৯ Time View
স্টাফ রিপোর্টার:
পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে খালে পড়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন খাতুন (৭)। তারা আপন চাচাতো ভাইবোন। নিহত জিয়ারুল ইসলাম খাগরবাড়ীয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং জমিরন খাতুন মাকছেদুল মন্ডলের মেয়ে। তারা উভয়েই খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তারা দুজন বাড়ির পাশে খালের উপর নির্মিত একটি বাঁশের সাঁকোর উপর খেলতে যায়। খেলতে খেলতে অসাবধানতাবশত তারা খালে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের খালে খুঁজে পেয়ে উদ্ধার করে দ্রুত ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ফরিদপুর থানায় একটি অপমৃত্যু (ইউ.ডি.) মামলা রুজু করা হয়েছে।








