পাবনায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু: প্রথম কর্মদিবসেই মাঠে নবাগত জেলা প্রশাসক
- Update Time : ০৬:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২২৪ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫, যার প্রতিপাদ্য ‘তারুণ্যের উৎসব ২০২৫’। মঙ্গলবার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফা। কাকতালীয়ভাবে এদিনই তাঁর প্রথম কর্মদিবস হওয়ায় তরুণদের এই আয়োজনকে তিনি নিজের নতুন দায়িত্বের সূচনা হিসেবে আখ্যায়িত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম। বক্তারা খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব গঠনের ওপর গুরুত্ব দেন।

স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, খেলোয়াড়সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে জমে ওঠে উদ্বোধনী দিন। আয়োজকদের মতে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসকের প্রথম দিনেই এমন জনমুখী আয়োজন স্থানীয় প্রশাসনের যুব ও খেলাধুলাবান্ধব দৃষ্টিভঙ্গিকে আরও সুস্পষ্ট করেছে। আশা করা হচ্ছে, এ টুর্নামেন্ট থেকে উঠে আসবে পাবনার ভবিষ্যৎ ফুটবল তারকারা।









