পাবনায় কবি ফররুখ আহমদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২৪২ Time View
নিজস্ব সংবাদদাতাঃ
“তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দারা”— মানবতা ও আত্মনির্ভরতার বার্তা বহনকারী এই কালজয়ী আহ্বানকে স্মরণ করে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কবি ফররুখ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় পাবনার আল আমানা নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পাবনা সাংস্কৃতিক সংসদের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ আমান উল্লাহ এবং সঞ্চালনা করেন পরিচালক মোঃ মুনজিল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও আদর্শ শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম।
প্রধান অতিথি ড. মোহাম্মদ ইদ্রিস আলম তাঁর বক্তব্যে বলেন,“কবি ফররুখ আহমদ ছিলেন এমন এক সাহিত্য পুরুষ যিনি বাংলার কাব্যভূমিতে ইসলামী চেতনা, মানবতা, ও জাতীয় চেতনাকে এক সূত্রে বেঁধেছেন। তাঁর কবিতায় যেমন আছে গভীর ধর্মীয় প্রেরণা, তেমনি আছে সামাজিক ন্যায়বোধ ও স্বাধীনতার চেতনা। আজকের তরুণ প্রজন্ম যদি ফররুখ আহমদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করতে পারে, তবে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, “ফররুখ আহমদ কেবল কবি নন, তিনি ছিলেন এক চিন্তাশীল দার্শনিক, যিনি তাঁর কবিতার মাধ্যমে বাঙালি মুসলমানের আত্মপরিচয় পুনরুদ্ধারে অবদান রেখেছেন। তাঁর লেখনী আমাদের শেখায়—নিজেকে জানো, নিজের মাটিকে ভালোবাসো, আর সত্য ও ন্যায়ের পথে থেকো।”

ড. ইদ্রিস আহমদ ফররুখের কবিতার কিছু পঙ্ক্তি উদ্ধৃত করে তরুণ সমাজকে সাহিত্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। তিনি বলেন, “আজ যখন সমাজে নৈতিক অবক্ষয় বেড়ে চলছে, তখন ফররুখ আহমদের সাহিত্য আমাদের জন্য এক আলোকবর্তিকা। তাঁর রচনাগুলো পড়া, বোঝা এবং জীবনে প্রয়োগ করাই হবে প্রকৃত শ্রদ্ধা।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও আলোক পত্রিকার সম্পাদক মোঃ সোহেল রানা, বিশিষ্ট কবি সুলতান মাহমুদ সবুজ প্রমুখ। তাঁরা কবি ফররুখ আহমদের সাহিত্যকীর্তি, সমাজচেতনা ও জাতীয় জীবনে তাঁর অবদানের ওপর আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।









