পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৪৬৭ Time View
নিজস্ব প্রতিবেদকঃ
পাবনায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও সন্তানদের নৈতিক-মানবিক বিকাশে ভূমিকা রাখার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা শাখার উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে “প্যারেন্টিং কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে এক হাজারেরও অধিক অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা শাখার চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ, ফাউন্ডেশনের পাবনা শাখার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আহসান হাবীব ইমরোজ বলেন, “পিস স্কুল পাবনা মায়ের ভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং কুরআনিক ভাষা আরবীতে দক্ষ, নৈতিকতায় সমৃদ্ধ মানুষ তৈরির অঙ্গীকার নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। সন্তান লালন-পালন কেবল অভিভাবকের দায়িত্ব নয়, এটি এক মহান আমানত। সচেতন অভিভাবকত্বই একটি সুন্দর সমাজ ও দেশের ভিত্তি।”
বিশেষ অতিথি আলমগীর মোহাম্মদ ইউসুফ বলেন,
“একটি শিশুর মানসিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান—দু’টির ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। সন্তানদের শুধু ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানোই যথেষ্ট নয়; তাদের চরিত্র গঠন ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।”
অন্যান্য বক্তারাও সন্তান লালনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সন্তানকে কেবল শিক্ষিত করলেই চলবে না, আগে আদব-কায়দা শেখাতে হবে। নৈতিকতা ও মানবিকতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ওবাইদুল্লাহ তারেক এবং অনির্বাণ শিল্প ও সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ।
শেষে উপস্থিত অতিথি ও অভিভাবকদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।









