চাটমোহরে ভেজাল দুধের কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৭:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৪৭৩ Time View
চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে ভেজাল দুধ উৎপাদন ও বৈধ কাগজপত্র ছাড়া চিলিং সেন্টার পরিচালনার দায়ে ইউনিয়ন কৃষকদলের এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
জরিমানা করা ওই ব্যক্তি নটাবাড়িয়া বিশিপাড়া এলাকার বাসিন্দা এবং বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল মমিন তার বাড়ির উল্টোদিকে একটি টিনশেড ঘরে ভাড়া নিয়ে সয়াবিন তেল, কেমিক্যালসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। প্রতিদিন প্রায় অর্ধশতাধিক মণ ভেজাল দুধ উপজেলার বিভিন্ন দুধ সংগ্রহ কেন্দ্রে সরবরাহ করা হতো।
এ বিষয়ে স্থানীয়দের অনেকেই জানলেও প্রভাবশালী ও রাজনৈতিক পরিচয়ের কারণে মুখ খোলার সাহস পাননি কেউ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে ইউএনও মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ভেজাল দুধ উৎপাদনের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আব্দুল মমিন ও তার সহযোগীরা পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ মণ ভেজাল দুধ ভর্তি কান্টেনার, সয়াবিন তেল, বিভিন্ন কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশে হস্তান্তর করা হয়। তবে এই ঘটনায় কোনো ব্যক্তি বাদী না হওয়ায় মামলা নেয়নি থানা পুলিশ।
এরপরও অভিযানের মাত্র দুই দিন পর বুধবার ভোর থেকে পুনরায় চিলিং সেন্টার চালু করেন আব্দুল মমিন। খবর পেয়ে আবারও অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া দুধ সংগ্রহ ও ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। এ সময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, শিশু খাদ্যের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









