আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
- Update Time : ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩১৮ Time View
পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের ছুরিকাঘাতে আসাদুল হোসেন ওরফে আসাদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসাদ একই গ্রামের উকিল আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালানোর সময় আসাদের স্ত্রী চিৎকার করেন। তখন আসাদ দৌড়ে গিয়ে এক চোরকে ধরে ফেলেন। এ সময় চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল ইসলাম (২৬) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এ বিষয়ে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজীব নামের আরও একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। এছাড়াও জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। দিনে-দুপুরেও চুরির ঘটনা ঘটছে। গরুর খামারে রাতভর পাহারা দিতে হচ্ছে মালিকদের। এছাড়া প্রকাশ্যে জুয়ার আসর চললেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা এসব অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।










