সুজানগরে জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১০ Time View
সংবাদদাতাঃ
পাবনার সুজানগরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভা ও ইউনিয়নের ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যেই এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ শিক্ষা শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে আমির ও সুজানগর পৌরসভার মেয়র পদপ্রার্থী ফারুক-ই-আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
তিনি বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “একটি কল্যাণরাষ্ট্র গঠনে আদর্শবান, সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। দায়িত্বশীলদের নিজেদের চরিত্র, আমল ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে প্রত্যেক ইউনিটকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষা শিবিরের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দিকনির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করলেই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক আব্দুল গাফফার খান এবং সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ। তারা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরেন এবং তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সুজানগর পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, ওয়ালিউল্লাহ বিশ্বাস, অর্থ সম্পাদক রাফি আহমেদ ফুল, শোয়েব আক্তার, আব্দুল মাজেদ মাস্টারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।








