ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩
- Update Time : ০১:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ২৫৩ Time View
সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্ৰামে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণুপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
ওসি নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় এখনও পায়নি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।










