পাবনা পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৪২৮ Time View
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় শহীদ এম. মুনসুর আলী কলেজের প্রধান ফটকসংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এ.এস.এম আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইকবাল হুসাইন বলেন, আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও জামায়াতে ইসলামীর কোনো নেতা-পাকিস্তানে পালিয়ে যায়নি। আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি পাবনা গড়তে চাই। ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো হুমকি-ধামকিকে ভয় পায় না।”
তিনি আরও বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াত বহুবার আন্দোলন করেছে। অথচ আওয়ামী লীগ সরকার বারবার বিরোধী মতকে দমন করেছে, বিশেষ করে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।”

অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের হাজারো নেতা-কর্মীকে বিনা কারণে গ্রেফতার করেছে। গায়েবি মামলা, বাসা-বাড়িতে হামলা ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে বিরোধী মতকে দমন করা হয়েছে। কারাগারে নির্যাতনের কারণে অনেকে মৃত্যুবরণ করেছেন।”
অন্যান্য বক্তারাও সরকারবিরোধী বক্তব্য উপস্থাপন করেন এবং বলেন, “ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে ভয় ও আতঙ্কের সংস্কৃতি চালু করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী—কোনো নির্যাতন ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামাতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। এদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়; এখানে সবার সমান অধিকার রয়েছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পৌর সহকারী সেক্রেটারি ইকরামুল হক ও ইদ্রিস আলম, বায়তুলমাল সেক্রেটারি শিহাবুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মালঞ্চি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু দাউদ এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস ছামাদ প্রমুখ।









