পাবনায় মাদক বিরোধী অভিযানে বাধা, হামলায় ২পুলিশসহ ৪জন আহত, পৌর কাউন্সিলরসহ ৩জন আটক।
- Update Time : ০৭:১৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৬৮ Time View
নিজস্ব প্রতিনিধি। পাবনা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্যসহ মাদক অধিদফতরের ৪সদস্য আহত হয়েছেন। এঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে পাবনা শহরের রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। আহত ও অন্যান্য আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিকেলে ওই এলাকায় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোক অভিযানে যায়। এসময় পাবনা পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা তাদের কাজে বাধা দেয় এবং আটক করে রাখে। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৪ সদস্যসহ ২ পুলিশ সদস্য আহত হয়। ঘটনার পরপরই পুলিশ কাউন্সিলর রাজিবসহ ৩ জনকে আটক করে।
মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে অভিযান চালানো হচ্ছিলো। অভিযানের সময় রাজিব কমিশনার ও তার লোকজন অভিযান দলের কাজে বাধা দেয় এবং তাদের আটক করে রাখে। এখবর পেয়ে পাবনা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
তিনি আরও বলেন, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।










