ভাঙ্গুড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, দুর্ঘটনার আশঙ্কা
- Update Time : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৮১ Time View
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া চকপাড়া এলাকায় সড়ক থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নিহতরা ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিন্নমূল নারী ছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি লরির চাপায় দুই নারী মারা গেছেন। নিহতদের একজনের আনুমানিক বয়স ৬০ এবং অপরজনের বয়স ৫৫ বছর।
তিনি আরও জানান, মরদেহ দুটির মাথা চাকার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ভোররাতে তারা কেন সড়কে অবস্থান করছিলেন, নাকি সেখানে বসে বা শুয়ে ছিলেন—তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি । মরদেহ দুটির পাশ থেকে খুচরা টাকা, চাল ও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে নিহত দুজনই ভিক্ষুক ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরিচয় শনাক্তকরণে পিবিআই এর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









