পাবনায় সিরাতুন্নবী (সা.) উদযাপন: জেলা প্রশাসকের মানবিক আহ্বান
- Update Time : ১০:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯৬ Time View
স্টাফ রিপোর্টারঃ
দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা-এর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষাকে কেন্দ্র করে আয়োজিত সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে শিক্ষা ও ধর্মীয় চেতনার সমন্বয়ে।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায়, মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদুল আত-তাকওয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব মোঃ মফিজুল ইসলাম।
প্রধান অতিথির প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, “আজকের এই অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের নতুন প্রজন্মের নৈতিক ও আদর্শিক দিকনির্দেশনার উৎস। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, যাঁর জীবনচরিত আমাদের প্রতিটি কর্মে অনুসরণীয় হওয়া উচিত। মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন,“বর্তমান সময়ের তরুণ প্রজন্মকে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানেও সমৃদ্ধ হতে হবে। ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি এই প্রতিষ্ঠানের এমন চমৎকার আয়োজনে অভিভূত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই।”
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“তোমাদের মাঝে হয়তো ভবিষ্যতের শিক্ষক, প্রশাসক, চিকিৎসক কিংবা সমাজ সংস্কারক লুকিয়ে আছে। সিরাতুন্নবী (সা.)-এর শিক্ষা যদি তোমরা হৃদয়ে ধারণ করো, তবে ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হয়ে উঠবে — সমাজে আলো ছড়াবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান
পাবনা সদর সার্কেলের এএসপি মোঃ শরিফুল ইসলাম,
জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। তাঁরা প্রত্যেকেই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আরিফ এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদ,
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও পাবনা-৫ (সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় পাবনায় কর্মরত ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সীরাতুন্নবী (সা.)-এর আলোকে এমন আয়োজন নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে নবীজীর (সা.) আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে এবং ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠবে একটি আলোকিত সমাজ।










