আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর পদ্ধতির বাস্তবায়ন চায় জামায়াত -অধ্যাপক আবু তালেব মন্ডল
- Update Time : ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৩ Time View
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা জামায়াতে পি আর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আজকের এই বিক্ষোভ মিছিল শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি প্রতিবাদের প্রতিচ্ছবি, একটি দাবির আহ্বান । আমরা পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো — আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর (PR) পদ্ধতি বাস্তবায়ন । বর্তমান একচেটিয়া ভোটব্যবস্থা গণতন্ত্রের শত্রুতে পরিণত হয়েছে । জনগণের প্রকৃত মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পি আর পদ্ধতির কোনো বিকল্প নেই।”
জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি চাঁপা মসজিদ থেকে শুরু হয়ে হাজী মোহাম্মদ মহসিন রোড, দই বাজার মোড়, আরঙ্গজেব রোড, খলিফা পট্টি, তুলা পট্টি, ইন্দারা মোড় ও আব্দুল হামিদ রোড হয়ে প্রেসক্লাব ঘুরে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল
বলেন, গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন দেশের মানুষের ন্যায্য অধিকার। জামায়াত কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। যেভাবে বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়া হয়েছে — তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। আমরা চাই, এই সকল গণহত্যার বিচার হোক আন্তর্জাতিক মানদণ্ডে। কাউকে ছাড় নয়, যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাক।
তিনি আরও বলেন, “জুলাই সনদ ছিল জনগণের ন্যায্য অধিকার রক্ষার এক সাহসী ঘোষণা। আজ পর্যন্ত সেটির কোনো বাস্তবায়ন হয়নি। সরকার জনস্বার্থবিরোধী নীতিতে অটল। আমরা স্পষ্ট করে বলতে চাই — জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা কোনো আপস করব না।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভয়ের মধ্যে নয়, সাহসের সঙ্গে কাজ করবেন। দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব প্রমুখ।
বক্তারা বলেন, পি আর পদ্ধতি চালু, গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে জনগণের কণ্ঠস্বর শুনতে বাধ্য করা হবে।









